
ঢাকা: পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশিদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত ২১ আগস্ট ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা শওকত রশিদ চৌধুরী নতুন দায়িত্বে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সরকারি সূত্রে জানা যায়, শওকত রশিদ চৌধুরী প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গ্রামীণ উন্নয়ন, সমবায় খাতের কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সরকারি নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এর আগে তিনি রেলপথ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেন। প্রশাসনের দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে দায়িত্ব পালনের কারণে তিনি সহকর্মীদের কাছে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।
শওকত রশিদ চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি নিজ এলাকার মানুষের কাছেও পরিচিতি লাভ করেছেন।সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে তার পদায়নের খবরে তার নিজ গ্রামের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ অনুভূতি প্রকাশ করে।
তাদের আশা নতুন দায়িত্বেও তিনি তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।